আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১২

ছবি: বিবিসি

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে সশস্ত্র হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন ১২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি অনানুষ্ঠানিক আবাসিক বসতিতে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাদা রঙের একটি টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে একদল অস্ত্রধারী হামলাকারী ঘটনাস্থলে আসে। তারা বসতির দুটি প্রবেশপথ ব্যবহার করে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায়। হামলা শেষে একই গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে তারা।

স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটজন পুরুষ ও তিনজন নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হলে নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতা দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে অনানুষ্ঠানিক ও অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোতে গ্যাং-সংঘর্ষ, ব্যক্তিগত বিরোধ এবং অপরাধচক্রের তৎপরতার কারণে প্রায়ই এমন সহিংস ঘটনার খবর পাওয়া যায়।

উল্লেখ্য, গত বছরও জোহানেসবার্গের একটি মদের দোকানে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছিলেন। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি প্রায় সমপরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, যা সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: বিবিসি

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন