জাতীয়

সরকারদলীয় ও বিরোধী দলের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক পরিচয় নয়, বরং দেশের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সব নির্বাচনি এলাকায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারদলীয় সদস্যরা যেভাবে নিজ নিজ এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন, বিরোধী দলের সদস্যদের এলাকাতেও একইভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

অর্থনৈতিক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদন সম্প্রসারণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬০ হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয়েছে। আগামী অর্থবছরে আরও ৪১ লাখ ২০ হাজার পরিবারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আসন্ন বর্ষা মৌসুমেই ৩ কোটি ১৪ লাখ গাছ লাগানো হবে।

এছাড়া পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা কমানো এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৯৫৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন