জাতীয়

মন্ত্রিসভার অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

ত্রয়োদশ জাতীয় সংসদে উপস্থাপনের আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠক শুরু হয়। 

রীতি অনুযায়ী, সংসদে বাজেট পেশের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্মতির পর বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করার কথা রয়েছে। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট উপস্থাপন।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৫তম বাজেট। ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বাজেটের আকার এবার দাঁড়াচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকায়। 

গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট। নতুন বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ, অনুদান এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে।

বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর তিনি নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন