খেলাধুলা

চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার দলটি।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও আক্রনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল পায়নি। বল দখল ও আক্রমণ গঠনে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। সন হিউং-মিন দুটি প্রচেষ্টা নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। লি জে-সাং গোলরক্ষককে একা পেয়েও দুর্বল ফার্স্ট টাচে ভালো সুযোগ নষ্ট করেন। লি কাং-ইনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক কোভার।

দ্বিতীয়ার্ধেও দক্ষিণ কোরিয়া আক্রমণে চাপ ধরে রাখে। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে উল্টো এগিয়ে যায় চেক রিপাবলিক। ডান দিক থেকে কোউফালের লং থ্রোতে বক্সের ভেতর লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোল করেন লাদিস্লাভ ক্রেইচি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেকরা।

গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে লি কাং-ইনের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে সমতা ফেরান হোয়াং ইন-বিওম। প্রায় আড়াই বছর পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পান তিনি।

৭৮ মিনিটে চেক রিপাবলিক আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে সুচেকের ফ্রি কিক থেকে পাওয়া গোলটি বাতিল হয়।

এর এক মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি খেলোয়াড় ওহ হিউন গিউ। ডান দিক থেকে হোয়াংয়ের কাটব্যাকে পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। ৭৯ মিনিটে করা এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।

শেষদিকে সমতায় ফেরার চেষ্টা চালায় চেক রিপাবলিক। আদাম হ্লোজেকের নিচু শট গোলমুখে এগিয়ে যাচ্ছিল, তবে কোরিয়ান গোলরক্ষক কিম সেউং-গিউ দারুণ সেভে দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন