তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যার মৃত্যু
থাইল্যান্ডের রাজকন্যা বাজরাকিতিয়াবা টানা তিন বছরের বেশি কোমায় থাকার পর ৪৭ বছর বয়সে মারা গেছেন। রয়্যাল হাউসের ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১জুন) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে গুরুতর অনিয়মিত স্পন্দন দেখা দেয়, যা সংক্রমণজনিত জটিলতা থেকে সৃষ্টি হয়।
চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে। দীর্ঘ চিকিৎসা ও সেবার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বাজরাকিতিয়াবা ছিলেন রাজা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি জাতিসংঘ মাদক ও অপরাধ দপ্তরের সঙ্গে কাজ করেছেন এবং অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিচারব্যবস্থা সংস্কার ও নারী বন্দিদের অধিকার রক্ষায়ও সক্রিয় ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে থাই রাজপরিবারের এক সম্ভাবনাময় ও প্রভাবশালী সদস্যকে হারাল দেশটি। রাজপরিবার ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পি/ডি