জার্মানি বিশ্বকাপ না জিতলে বিয়ে না করার ঘোষণা রিয়াদের
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। প্রত্যেক দলের সমর্থকরা জয় নিয়ে নানা স্বপ্নে বিভোর। কিন্তু নেত্রকোনা মদন উপজেলার জার্মান সমর্থক ইকবাল হাসান রিয়াদ (২২) ব্যতিক্রম পন করেছেন। এবার জার্মানি বিশ্বকাপ না জিতলে বিয়ে না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর জিতলে পুরো নেত্রকোনার মানুষকে গরু জবাই করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
রিয়াদ পেশায় বৈদ্যুতিক মিস্ত্রী। তিনি মদন উপজেলা সদরের বাসিন্দা। পেশাগত কাজ করা ছাড়াও তিনি দেশের সকল জার্মান সমর্থকদের ডাকে ঘুরে বেড়ান বিভিন্ন অনুষ্ঠানে।
রিয়াদ বলেন, জার্মান ফুটবলের প্রতি তার ভালোবাসা দেখে অনেক মানুষ তাকে জার্মান পাগল বলে। কেউ কেউ মজাও নেয়। কিন্তু এ বিষয়গুলো তিনি উপভোগ করেন। জার্মানি বিশ্বকাপ জিতবে এ ব্যাপারে তিনি অনেকটাই নিশ্চিত।যুক্তি হিসেবে দেখাচ্ছে কয়েকজন তরুণ ফুটবলারের দলে থাকার কথা।
তিনি বলেন, সেমিফাইনালে দল উঠলে এলাকার মানুষকে খাসি খাওয়াবেন। আর ফাইনালে যদি জার্মানি জয় লাভ করে, তাহলে কেবল নেত্রকোনা না। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মানুষ তার গ্রামে আসলে সবাইকে গরু জবাই করে খাওয়াবেন।
এদিকে রিয়াদের এমন চ্যালেঞ্জে অন্যান্য দলের সমর্থকরাও অবাক। তবে অনেকে বলছেন এমন সিদ্ধান্ত না নেওয়াই ভালো ছিলো। আবার অনেকে বলছেন সিদ্ধান্ত বদলাতে। কেউ কেউ বলছেন অন্য টিমের সমর্থকদের সাথে যোগ দিতে। তবে রিয়াদ তার সিদ্ধান্তে অটল।
এদিকে বারণ করেও ফেরাতে না পাড়ায় ছেলের পাগলামিতে যোগ দিয়েছেন রিয়াদের মা। মা আসমা আক্তারও ছেলের সাথে জার্মান সমর্থক হিসেবে নাম লিখিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন জার্মানি যেন বিশ্বকাপে জয় লাভ করতে পারে।
আই/এ