ভারত-বাংলাদেশ মিলে গেলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দিনেশ ত্রিবেদী
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী,ভারতের গণতন্ত্রও শক্তিশালী। দুই দেশের শক্তিশালী গণতন্ত্র মিলে বিশ্ব শক্তিতে পরিণত হয়ে যায়। এজন্য দুই দেশের মিলেমিশে থাকাটা দরকার।
শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। বাংলাদেশে প্রবেশের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
ত্রিবেদী বলেন, দুই দেশের একসাথে থাকার জন্য তার যা দায়িত্ব আছে, তিনি নিশ্চয়ই পালন করবেন। কিন্তু বাংলাদেশেরও সহযোগিতা থাকা দরকার। দুই দেশের মানুষ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে ঠিক আছে। ভারত আর বাংলাদেশে যা ট্যালেন্ট আছে, মিলেমিশে থাকলে পৃথিবী চালানো সম্ভব।
তিনি বলেন, ‘আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি (বাংলাদেশের) অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’
তিনি আরও বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অচিরেই পর্যটক (টুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুলসি দাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান।
আই/এ