‘ট্রেন দে আরাগুয়া’র শীর্ষ নেতা নিহত, দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলার আলোচিত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র প্রধান হেক্টর রাসথেনফোর্ড গেরেরো ফ্লোরেস ওরফে নিনো গেরেরো নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলার সহায়তায় পরিচালিত মার্কিন সামরিক অভিযানে এই গ্যাং নেতাকে হত্যা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড অভিযানটি পরিচালনা করে। তিনি একে দ্রুত ও প্রাণঘাতী অভিযান হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ট্রেন দে আরাগুয়াকে বিশ্বের অন্যতম সহিংস সন্ত্রাসী গোষ্ঠী বলেও মন্তব্য করেন তিনি।
পরে ভেনেজুয়েলা সরকারও গেরেরোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দেশটির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বলিভার অঙ্গরাজ্যে অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষের সময় তিনি নিহত হন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে ট্রেন দে আরাগুয়ার একটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়। ওই অভিযানের পর গেরেরোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।
ট্রেন দে আরাগুয়ার যাত্রা শুরু হয়েছিল ভেনেজুয়েলার আরাগুয়া অঙ্গরাজ্যের একটি কারাগার ঘিরে। পরে মাদক পাচার, মানবপাচার, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে গোষ্ঠীটি লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
৪২ বছর বয়সী নিনো গেরেরো ২০২৩ সালে টোকোরন কারাগার থেকে পালিয়ে যান। পরে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তা, চাঁদাবাজির ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। তাকে ধরিয়ে দিতে তথ্যদাতার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন।
এমএ//