ড্র দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু ব্রাজিলের
জয়ের প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও প্রথম ম্যাচেই হোঁচট খেল ব্রাজিল। গ্রুপ পর্বের ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে কার্লো আনচেলত্তির দল প্রত্যাশিত দাপট দেখাতে পারেনি। বরং আফ্রিকান পরাশক্তি মরক্কোই বড় সময়জুড়ে ব্রাজিলকে চাপে রেখেছে।
বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়াদের আক্রমণভাগ ম্যাচজুড়ে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
ম্যাচে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মরক্কো। বল দখল ও আক্রমণ গঠনে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানায় তারা। ম্যাচের ২১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজের দারুণ থ্রু পাস ধরে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন সাইবারি।
গোল হজমের পর ছন্দে ফেরার চেষ্টা করে ব্রাজিল। ৩২ মিনিটে সমতা এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের পাস ধরে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে মরক্কোর ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গোলরক্ষক ইয়াসিন বনোর প্রতিক্রিয়া জানানোর সুযোগই ছিল না।
প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। পাকুয়েতার প্রচেষ্টা গোল হওয়ার মতো ছিল, তবে সেটি কাজে লাগেনি। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়াতে কাসেমিরোর বদলে ফ্যাবিনহোকে মাঠে নামান আনচেলত্তি। ফ্যাবিনহো খেলার গতি কিছুটা কমালেও আক্রমণে ব্রাজিলের পুরনো ধার দেখা যায়নি। বল দখলে ব্রাজিল সামান্য এগিয়ে থাকলেও সেটি গোলের সুযোগে রূপ নিতে পারেনি।
অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা মরক্কো পুরো ম্যাচেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। তারা ব্রাজিলের চেয়ে বেশি শট নেয় এবং প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে। যদিও এক গোলের বাইরে অ্যালিসনকে খুব কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি আফ্রিকান দলটি।
ব্রাজিলের আক্রমণ ছিল তুলনামূলক নিষ্প্রভ। পুরো ম্যাচে বলার মতো সুযোগ তৈরি হয়েছে হাতে গোনা কয়েকটি। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ভিনিসিয়াসের ক্রস থেকে রাফিনিয়ার সামনে ভালো সুযোগ এসেছিল, কিন্তু সেটিও কাজে লাগেনি।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপের শুরুতে হার এড়ালেও ‘মিশন হেক্সা’র প্রথম ম্যাচে সেলেসাওদের পারফরম্যান্স সমর্থকদের পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি।
এমএ//