১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সোমবার (১৫ জুন) দুপুরের মধ্যে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দিনের বিভিন্ন সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৫ জুন) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। রোববার (১৪জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা অব্যাহত থাকতে পারে।
পি/ডি