জাতীয়

বাল্যবিবাহ বন্ধে আসছে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

বাল্যবিবাহ প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এ সংশোধন আনার প্রস্তুতি চলছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় আইনের সংশোধনী খসড়া তৈরির কাজ চলছে। নতুন সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের কিছু বিশেষ বিধানকে কেন্দ্র করে বাল্যবিবাহ সংঘটনের যে সুযোগ তৈরি হয়, তা বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, অনেক ক্ষেত্রে ভুয়া বা জাল জন্মসনদ ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করা হয়। ডিজিটাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হলে এ ধরনের জালিয়াতি কমে আসবে এবং বিয়ের আগে বয়স যাচাই আরও সহজ হবে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশে এখনো অনেক বিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলেও তাৎক্ষণিকভাবে নিবন্ধিত হয় না। ফলে এসব ক্ষেত্রে নজরদারি ও আইন প্রয়োগে জটিলতা তৈরি হয়। তাই বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন