সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট বিমানবন্দরসহ আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পরে বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন সড়কের পাশে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবারের মতো সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি; তার পুরো কার্যক্রম নির্ধারিত হয়েছে মৌলভীবাজারকে ঘিরে।
এসি///