দেশজুড়ে

যেসব এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে ১৮ ঘণ্টা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজ নির্মাণকাজের কারণে চট্টগ্রাম ওয়াসার একটি পাইপলাইনের সংযোগ ব্যবস্থা পরিবর্তন করা হবে। এ কাজের জন্য ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ রাখা হবে।

বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

ওয়াসা জানায়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজ নির্মাণকাজের অংশ হিসেবে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাম্প স্টেশন বন্ধ থাকার সময়ে নগরের বেশ কিছু এলাকায় পানি সরবরাহ ব্যাহত হতে পারে। এর মধ্যে রয়েছে—আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও সংলগ্ন এলাকা।

এ ছাড়া শাহ আমানত সেতু সংযোগ সড়ক, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক এলাকা, তুলাতলী ও রাজাখালী এলাকাতেও পানি সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী আগেই পর্যাপ্ত পানি সংরক্ষণ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন