তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধায় পুকুরে গোসল করার সময় রাহাত (১৫) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন পলাতক রয়েছেন ।
বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের অভিযুক্তের বাড়িতে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে যায় সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫) নামের তিন কিশোর। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
আজ সকাল ৮টার দিকে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ঘর-বাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে পুকুরের পানিতে ফেলে দেয় বিক্ষুব্ধ স্বজনরা। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় তারা।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আর/আই