জাতীয়

সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর আজকের মূল কর্মসূচি মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময়ের পর তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এ ছাড়া বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। মূলত তিনি ঢাকা থেকে সিলেটে আগমন ও প্রস্থানের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তবে মৌলভীবাজারে যাওয়ার পথে সিলেট মহানগর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বিকেল আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে সড়কপথে তিনি আবার সিলেটে ফিরে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি তার দ্বিতীয় সিলেট সফর। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন