জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চলছে মেরামত

জাপানের টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে সেটির উড্ডয়ন স্থগিত করে ত্রুটি মেরামতের কাজ চলছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে।

জানা গেছে,  উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন