পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা, বহিষ্কৃত এসআই আকবরের মৃত্যুদণ্ড
সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি ও পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন জানান, এ মামলার অন্য পাঁচ আসামির মধ্যে কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল আল মামুনকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পাশাপাশি তাদের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে (৩৪) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরদিন সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের প্রতিবেদনে নিহত রায়হানের মরদেহে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে ৯৭টি ফোলা আঘাত ও ১৪টি গুরুতর আঘাতের চিহ্ন পান চিকিৎসকরা।
এই ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে সিলেট মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়।
২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলায় পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেন।
আই/এ