আন্তর্জাতিক

ইরানে বিনিয়োগ করবে না যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলো করলে আপত্তি নেই: ট্রাম্প

ইরান পুনর্গঠনে যুক্তরাষ্ট্র কোনো অর্থ দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির আওতায় তেহরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল রাখা হয়েছে—এমন খবরও তিনি নাকচ করেছেন।

বুধবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগের কোনো পরিকল্পনা নেই। ওয়াশিংটন তেহরানকে ১০ সেন্টও দিচ্ছে না এবং এ ধরনের কোনো তহবিলও রাখা হয়নি।

তবে উপসাগরীয় দেশগুলো ইরানে বিনিয়োগ করতে চাইলে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কাউকে ইরানে বিনিয়োগ করতে বলা হচ্ছে না। তবে কোনো দেশ নিজ উদ্যোগে বিনিয়োগ করলে তাতে বাধা দেবে না ওয়াশিংটন।

ট্রাম্পের মতে, উপসাগরীয় দেশগুলো এখনই ইরানে বিনিয়োগে তাড়াহুড়া করবে না। বরং তেহরানের আচরণ ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতি দেখেই তারা সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে ইরানের সঙ্গে হওয়া কাঠামোগত সমঝোতাকে আবারও শক্তিশালী চুক্তি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি সমঝোতা।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই অগ্রগতিতে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে বাজার।

হরমুজ প্রণালি প্রসঙ্গেও আশাবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি খুলে দেওয়া হতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন