সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর রহমানের গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি আশা ব্যক্ত করেছেন যে, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনি উপায়ের মাধ্যমে বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবে এবং গ্রেফতারকৃত সাংবাদিক দ্রুত কারামুক্ত হবেন।
শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে বিভিন্ন ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর নাম ব্যবহার করে কিংবা তাঁর পক্ষ নিয়ে ব্যক্তিগতভাবে কেউ যেন কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেন, সেই বিষয়ে সবাইকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, এ ধরনের কোনো কর্মকাণ্ডে প্রতিমন্ত্রীর কোনো সম্মতি বা নির্দেশনা ছিল না।পাশাপাশি, প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি তাঁর সম্পর্কে যেকোনো তথ্য প্রকাশের আগে তা নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর রহমানকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা এলাকার বোর্ডবাজার থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত কিছু তথ্যের জের ধরে গত ১৫ জুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, মামলার বাদী নিজেও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের ভেতর যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনার সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই সংকটের একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান হবে বলেই প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন।
আড়/আই