নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না জামায়াত: মীর শাহে আলম
জামায়াতে ইসলামী নিজেদের কর্মীদের বাইরে অসহায় মানুষকেও সহায়তা করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বেহেশতের প্রলোভন দেখিয়ে দলটি ভোট নিয়েছে, অথচ নির্বাচনের পর মানুষের পাশে নেই বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বললেও এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নিতে দলটির নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও তাদের কোনো বক্তব্য নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমান ইমাম ও মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় সরকার।
এ সময় আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান তিনি।
এমএ//