হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপের শীর্ষে ব্রাজিল
মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা।
প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান আর বাড়েনি। পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে ব্রাজিলের স্ট্রাইকাররা। ম্যাচের ১২ মিনিটে হাইতির জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। এর মিনিট দশেক পর আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি।
তবে ব্রাজিলের গোলের অপেক্ষা শেষ হয় ম্যাচের ২৩ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের জোরালো শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড কোনোমতে ঠেকালেও ফিরতি বলে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনিয়া।
প্রথম গোলের পর ব্রাজিলের আক্রমণের ধার আরও বেড়ে যায়।ম্যাচের ৩৬ মিনিটে ভিনিসিউসের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া।
তবে এর চার মিনিট পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে, তাঁর বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। হাইতির গোলরক্ষক জন প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সেলেসাওরা। ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে জড়ালেও দুর্ভাগ্যবশত সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
আর/আই