দেশজুড়ে

ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

ছবি: সংগৃহীত

একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল ছানা উদ্ধার করতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। ছাগল তুলতে নামার পর একে একে কূপে নেমে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), স্থানীয় জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মধুপুর স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাবুল হাদিমার একটি ছাগল ছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদ সংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। প্রথমে ছাগলটি উদ্ধারে কূপে নামে তার ছেলে নেইমার ম্রং।

কিছু সময় পরও নেইমার সাড়া না দিলে তাকে খুঁজতে গিয়ে কূপে নামেন বাবা বাবুল হাদিমা। এরপর একে একে গাব্রিয়াল ও রতন নকরেকও কূপে নামেন। কিন্তু চারজনের কেউই আর কোনো সাড়া না দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অক্সিজেনহীন ওই কূপে নামিয়ে উদ্ধার অভিযান চালায় এবং একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিস থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন