তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট তাহসিনের মরদেহ উদ্ধার
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিন সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাট এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ফিরোজ উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাহসিনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিন উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এমএ//