দেশজুড়ে

পুলিশ অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

বরিশালে গ্রেফতার এড়াতে পালাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের (৫০) মৃত্যু হয়েছে। নিহত রাশেদ নগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার (২১ জুন) দুপুরে বরিশাল নগরীর ১নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাশেদ খান মেননের নামে একাধিক রাজনৈতিক মামলা ছাড়াও সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার দুপুরে গ্রেফতার করতে তার বাসায় যায় কাউনিয়া থানা পুলিশের একটি দল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই খবর পেয়ে রাশেদ খান মেনন আত্মগোপনে চলে যাওয়ায় তাকে গ্রেফতার না করেই ফিরে আসে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গ্রেফতার করতে আসছে- এমন খবরে বাড়ির দেয়াল টপকিয়ে পার্শ্ববর্তী গোরস্থানের মাটির সড়ক দিয়ে দৌঁড়ে পালানোর সময় পিছলে পরে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্থানীয়রা। 

মৃত রাশেদের বড় ছেলে সাহেল বলেন, ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম। বাবা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে এমন খবর আমায় জানানোর পর এসে দেখি বাবাকে সিএনজিচালিত অটোরিকশায় তোলা হচ্ছে। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সনজিত নাথ জানান, পুলিশ তাকে গ্রেফতার করতে বাসায় গিয়েছিল। সেখানে তাকে না পাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জানতে পেরেছি দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন