মোটরসাইকেলের ভেতর ৭হাজার ইয়াবা পাচার, দুই যুবক আটক
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭হাজার পিস ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ইয়ামাহা ব্রান্ডের এফ জেড এস ভার্সনের আর-১৫ মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন-জেলার বারহাট্রা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) ও খায়রুল ইসলামের ছেলে মো. সজীব (২৪)।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল থেকে এসব মাদক উদ্ধার করা হয়। সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নাজমুল হক নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চল্লিশার রাজেন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নেত্রকোনা থেকে সুহেল ও সজীব নামে দুই যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। সন্দেহ হলে তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাদের গাড়ি নিয়ে ওই এলাকার সুজন বর্মনের "মা মোটরসাইকেল" সার্ভিসিং দোকানে মেকানিক এর মাধ্যমে গাড়ির বিভিন্ন অংশ খুলে ৭হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
এ ঘটনায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করেন।
আই/এ