দেশজুড়ে

মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের দোতলার একটি কক্ষের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আমির হোসেন (৪৩) চট্টগ্রামের বাশখালির বাসিন্দা। তিনি প্রায় ১৩ বছর ধরে এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে তিনি ইমামতি করেছেন। তবে মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা সমবেত হতে গিয়ে দেখেন সেখানে ইমাম নেই, মসজিদে তালা লাগানো। রাতে এশার নামাজের সময়ও মসজিদে তালাবদ্ধ দেখে মুসল্লিদের মনে সন্দেহ জাগে। তারা মসজিদের দোতলার জানালায় উঁকি দিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।            

মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, মুসল্লিরা মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে সেখানে তালাবদ্ধ দেখে ভেবেছিলেন, হয়ত বাইরে কোনো কাজে গিয়ে আটকে পড়েছেন ইমাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ইমামের খোঁজ না মেলায় তাদের সন্দেহ হয়। তখন উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান তারা।

মোহাম্মদ ইফতেখার আহমেদের ভাষ্যমতে, ফ্যানের হুকের সাথে সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় ইমামের মরদেহ ঝুলছিল। নিচে একটা মই পড়েছিল। সেখানে একটি চিরকুটও পাওয়া গেছে। চিরকুটে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা ছিল।                 

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার লেখা কি না, যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন