প্রবাসীদের জন্য বিশেষ ব্যাংক হিসাব সুবিধা চালু
প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও উৎসাহিত করতে নতুন ধরনের ব্যাংক হিসাব চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা দেশের ব্যাংকগুলোতে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন।
মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, রেমিট্যান্স ব্যবস্থাকে সহজ করা এবং প্রবাসীদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতের সংযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে হিসাব খোলা যাবে। গ্রাহকরা চাইলে এটি সঞ্চয়ী, চলতি বা মেয়াদি আমানত হিসাব হিসেবে পরিচালনা করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, অন্যান্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত অর্থসহ বিভিন্ন বৈদেশিক উৎসের তহবিল এ হিসাবে জমা রাখা যাবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ হিসাবের জমাকৃত অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে প্রত্যাবাসন যোগ্য। অর্থাৎ, প্রবাসীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই অর্থ বিদেশে স্থানান্তর করতে পারবেন।
এ ছাড়া হিসাবের অর্থ দেশের ভেতরেও বিভিন্ন বৈধ কাজে ব্যবহার করা যাবে। যেমন— স্থানীয় লেনদেন, অন্যান্য অনিবাসী হিসাবগুলোতে অর্থ স্থানান্তর, বৈদেশিক মুদ্রা হিসাবে রূপান্তর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বা পোর্টফোলিও বিনিয়োগ।
নতুন নীতিমালার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এ হিসাবের তহবিল ব্যবহার করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়া যাবে। তবে এই ঋণ কেবল অনুমোদিত পরিচালন ব্যয়— যেমন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, মজুরি এবং ইউটিলিটি বিল পরিশোধের কাজে ব্যবহার করা যাবে। ঋণের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে পরিশোধ করতে হবে।
এছাড়া, এ হিসাবের বিপরীতে জামানত রেখে প্রবাসী ব্যক্তি বা তার মনোনীত প্রতিনিধি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারবেন। তবে কৃষি, বাগান ও আবাসন খাতে এই ঋণের অর্থ বিনিয়োগের সুযোগ থাকবে না।
এমএ//