সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তন থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। এ সময় আমানতকারীদের অর্থ ফেরত এবং হেয়ারকাট নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে হবে।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।
এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের আমানতে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই দিন পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর মুনাফা পাবেন না।
আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার প্রচলিত রীতি অনুসরণ করে আমানতকারীদের দুই বছরের মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে আমানতের একটি অংশ হেয়ারকাটের আওতায় পড়েছিল। তবে শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন আমানতকারীরা।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সবচেয়ে বড় এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক লেনদেনের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এসি//