অর্থনীতি

ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক

সাধারণ গ্রাহকদের ঋণ সুবিধা আরও সহজ করতে ব্যক্তিগত ঋণের পরিশোধের সর্বোচ্চ সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত ঋণের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করা হয়েছে।

একই সঙ্গে ভোক্তা ঋণ বাড়ানোর ক্ষেত্রে এতদিন থাকা বড় ধরনের সীমাবদ্ধতাও তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো তাদের মোট ঋণ প্রবৃদ্ধির তুলনায় বেশি হারে ভোক্তা ঋণের পরিমাণ বাড়াতে পারবে। এর আগে ব্যাংকের মোট ঋণের বার্ষিক প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি বেশি করার সুযোগ ছিল না।

ব্যাংকাররা বলছেন, ঋণ পরিশোধের সময় তিন বছর বাড়ানোর ফলে গ্রাহকদের মাসিক কিস্তির চাপ কমবে। বিশেষ করে মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য ব্যক্তিগত ঋণ নেওয়া আগের তুলনায় সহজ হবে।

তবে ব্যাংকাররা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, ঋণের মেয়াদ বাড়ানোর বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা না হলে ভবিষ্যতে ব্যাংকগুলোর ঋণ ঝুঁকি বাড়তে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ভোক্তা ঋণের প্রবৃদ্ধির সীমা তুলে দেওয়ার ফলে ব্যাংকগুলো এই খাতে আরও বেশি ঋণ দিতে আগ্রহী হবে। এতে বাজারে ব্যক্তিগত ও খুচরা ঋণের বাড়তে থাকা চাহিদা পূরণ করা সহজ হবে।

এর আগে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে গত ৫ মে বিদ্যুৎচালিত ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সিদ্ধান্তে গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ঋণের পরিমাণ ২০ লাখ টাকা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়।

 

একই সঙ্গে এই খাতে ব্যাংকের ঋণ ও বিনিয়োগের অনুপাত ৮০:২০ শতাংশ নির্ধারণ করা হয়। এর আগে এই অনুপাত ছিল ৬০:৪০ শতাংশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন