দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে নবজাতক বদল নিয়ে তোলপাড়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভুলবশত এক পরিবারের নবজাতককে অন্য পরিবারের কাছে হস্তান্তরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নবজাতককে নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে নিজেদের বাড়িতে চলে যায় পরিবারটি। পরে বিষয়টি ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে ফিরিয়ে আনে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার (২০ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ীর নাদিরা-মাসুদ দম্পতি এবং ময়মনসিংহের গৌরীপুরের নাদিরা-আবু রায়হান দম্পতির কন্যাসন্তান জন্মগ্রহণ করে। শারীরিক জটিলতার কারণে উভয় নবজাতককেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে (NICU) ভর্তি করা হয়েছিল।

গত সোমবার বিকেলে সরিষাবাড়ীর পরিবার ছাড়পত্র নিয়ে নবজাতককে নিয়ে বাড়ি চলে যায়। এর কিছুক্ষণ পর গৌরীপুরের পরিবারের সদস্যরা শিশুটিকে নিতে গেলে তাদের সন্দেহ হয়।

তারা জানান, শিশুটি তাদের সন্তান নয়। এরপর তারা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে।

কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর জানা যায়, গৌরীপুরের পরিবারের সন্তানকে ভুল করে সরিষাবাড়ীর পরিবারের কাছে দেওয়া হয়েছে। ততক্ষণে তারা বাড়িতে পৌঁছে গিয়েছিল। বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জামালপুরের পরিবারের সাথে যোগাযোগ করে।

হাসপাতালের নিজস্ব উদ্যোগে রাত তিনটার দিকে নবজাতককে নিয়ে হাসপাতালে ফিরিয়ে এনে দুই পরিবারের কাছে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়।

শিশুর পায়ে থাকা টোকেনে মা-বাবার নাম ও সিরিয়াল নম্বর থাকার পরও এমন ভুল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তারা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, উভয় মায়ের নাম একই হওয়ায় এই ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি ধরা পড়ার পর রাতেই নবজাতককে উদ্ধার করে আনা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় যাদের দায়িত্বে অবহেলা ছিল, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন