শূন্য রেখায় নারী ও শিশুসহ ৯ জন, ১২ ঘণ্টায়ও মেলেনি সমাধান
নওগাঁর সাপাহার সীমান্তে শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি বাধা দেয়ায় এখনও শূন্য রেখায় ওই ৯ জন অবস্থান করছেন।
বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয়।
দুপুর আড়াইটার দিকে বিএসএফের একটি দল এসে বিজিবি সদস্যদেরকে অনুরোধ করে তাদেরকে যেন বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়। তবে বিএসএফের এই দাবিতে সাড়া না দিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয়রা বিজিবির পাশাপাশি ওই এলাকায় অবস্থান নিয়েছে।
পাতাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলাম বলেন, ভোর রাত থেকে তারা খোলা আকাশের নিচে রয়েছেন। খাবার বা পানি কোনো কিছুই তাদের সঙ্গে নেই। খুব মানবেতর অবস্থায় তারা রয়েছেন। এভাবে থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আই/এ