পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, লাখো প্রাণহানির শঙ্কা!
ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
এর মাত্র ৩৯ সেকেন্ড পরই আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

এখনও পর্যন্ত ভূমিকম্পে হতাহতের সংখ্যা বা সামগ্রিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
তবে ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কারণে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির হিসাবে, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনা ৩০ শতাংশ।
ভূমিকম্পের তীব্র কম্পনে রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক মানুষ উদ্ধারের জন্য সহায়তা চেয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এসি//