আন্তর্জাতিক

ভেনেজুয়েলা ট্র্যাজিডি : ঘরে ফিরতে ভয় পাচ্ছে মানুষ

দুই দফা ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ভেনেজুয়েলার হাজারো ঘরবাড়ি। আরও ভবন ধসে পড়ার আশঙ্কায় মানুষ পার্ক ও খোলা চত্বরে রাত কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনের কোন নিশ্চয়তা না থাকায় ঘরে ফিরতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।

শুক্রবার (২৬ জুন)  স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কুয়েসাদা আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “মানুষ তাদের ঘরে ফিরতে ভয় পাচ্ছে। ভবনের অবস্থা ও ক্ষয়ক্ষতির বিষয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলার অর্থনীতির ভঙ্গুর অবস্থার কারণে অনেকেই ভবিষ্যতের বিষয়ে অনিশ্চয়তা বোধ করছেন।

 মিরো কুয়েসাদা বলেন যে, বর্তমানে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সম্পদ সংগ্রহের বিষয়টিই সবচেয়ে জরুরি। বিশেষ করে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এই মুহুর্তে বেশি দরকার।

কারাকাসের চাকাও এলাকার মেয়র গুস্তাভো দুকে জানিয়েছেন, ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “এই ভূমিকম্পজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের দল মোতায়েন রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 'সাউদার্ন কমান্ড' (সাউথকম) জানিয়েছে যে, ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ভেনেজুয়েলায় মোতায়েন করা মার্কিন কর্মীর সংখ্যা তারা বাড়াচ্ছে।

ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সশস্ত্রবাহিনীর সদস্য ও সরঞ্জাম পাঠানো হয়েছে।  একটি উভচর পরিবহন জাহাজ ও একটি যুদ্ধজাহাজ দিয়ে এসব সরঞ্জাম পাঠানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই বাহিনী ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন সরকারি কর্মী, অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং সেখানে কর্মরত মার্কিন সংস্থাগুলোকে সহায়তা প্রদান করবে।

এর আগে, জরুরি কার্যক্রম পরিচালনার সহায়তায় ভেনেজুয়েলায় ১৫ কোটি (১৫০ মিলিয়ন) ডলার পাঠানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন