বিনোদন

রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর শুভেচ্ছাদূত হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সফরকালে তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটান এবং তাদের জীবনসংগ্রাম, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

আলোচনায় রোহিঙ্গা তরুণরা বাস্তুচ্যুত জীবনের নানা অভিজ্ঞতা, নিরাপত্তা সংকট এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, কমিউনিটির সহায়তা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম কীভাবে তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে, সেটিও জানান তারা।

তরুণদের সাহসিকতা ও ইতিবাচক মানসিকতার প্রশংসা করে তাহসান বলেন, দীর্ঘদিন শরণার্থী জীবন কাটিয়েও তারা স্বপ্ন দেখা বন্ধ করেনি। তাদের এই দৃঢ়তা অনুপ্রেরণাদায়ক এবং শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সফরের অংশ হিসেবে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন রোহিঙ্গা তরুণের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। অংশগ্রহণকারীরা জানান, এসব প্রশিক্ষণ তাদের নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি একদিন নিজ দেশে ফিরে সমাজ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে।

তাহসানের জানায়, শুধু আশার কথা বললেই হবে না, শরণার্থীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগও তৈরি করতে হবে। শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন। নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ এখনও তৈরি না হওয়ায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের ক্ষমতায়নে বিনিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরের শেষে রোহিঙ্গাদের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন তাহসান এবং তাদের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার আহ্বান জানান।

                          

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন