হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৭০০
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাম ও এর উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল এক দিনে সারা দেশে আরও ৮৬৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
এদিকে, চিকিৎসা শেষে গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬০৯ জনের মৃত্যু হয়েছে। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন—উভয় ধরনের মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭০২ জন।
এমএ//