জাতীয়

তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট ও ব্রিকসে যোগদানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের সমাধান এবং ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে খুব শিগগিরই প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হবে। পাশাপাশি ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায়ও বেইজিং সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সম্ভাব্য সুবিধা ও বিভিন্ন দিক বিবেচনায় বিষয়টি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া সফরেও অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়া এবং নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন