আন্তর্জাতিক

স্ত্রীর প্রতি ভালোবাসার আড়ালে চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

কালো চামড়ার জ্যাকেট যেন একসময় হয়ে উঠেছিল তার নিজস্ব পরিচয়ের অংশ। বছরের পর বছর একই ধরনের পোশাকে জনসমক্ষে হাজির হয়ে আলোচনায় ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। স্ত্রী লরি হুয়াংয়ের কিনে দেওয়া এসব জ্যাকেটের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসার স্মৃতি। পাশাপাশি প্রতিদিন পোশাক বাছাইয়ের ঝামেলা এড়াতেও এই অভ্যাস গড়ে তুলেছেন তিনি। তবে এবার সেই পরিচিত কালো জ্যাকেট ছাপিয়ে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগে আলোচনায় এসেছেন জেনসেন। চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে তদন্ত শুরু করেছে তারই প্রতিষ্ঠান এনভিডিয়া।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনসেন জানান, তার সংগ্রহে রয়েছে ৩০ থেকে ৪০টি কালো জ্যাকেট। কালো পোশাক বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এতে প্রতিদিন কী পরবেন, তা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হয় না। ফলে গুরুত্বপূর্ণ কাজে সময় ও মনোযোগ দেওয়া সহজ হয়।

প্রায় ২০ বছর ধরে একই ধরনের পোশাক পরছেন জেনসেন। স্ত্রী ও মেয়ের পছন্দেই তার পোশাকের এই ধরন তৈরি হয়েছে বলেও আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। বিলাসবহুল ব্র্যান্ড টম ফোর্ডের জ্যাকেট পরেন তিনি, যার প্রতিটির দাম প্রায় ৯ থেকে ১০ হাজার ডলার।

তবে এবার ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ছাপিয়ে বিষয়টি যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক প্রধান নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। অ্যালিসকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করা হলেও এ অভিযোগ অস্বীকার করেছে চীন।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় এনভিডিয়ার তৈরি উন্নত প্রযুক্তির চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিযোগ রয়েছে, অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড ২০২৫ সালের নভেম্বরে কয়েক শ কোটি ডলারের এনভিডিয়া প্রযুক্তিপণ্য কিনেছিল। এসব পণ্য অবৈধভাবে চীনে পাঠানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে মেগাস্পিড।

এনভিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত জেনসেনের মাধ্যমে কোনো গোপন তথ্য অন্যের কাছে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। জেনসেনও তদন্তে সহযোগিতা করার এবং নিজের দায়িত্বে বহাল থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

তিন দশকের বেশি সময় ধরে এনভিডিয়ার নেতৃত্বে রয়েছেন জেনসেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সম্মানিত ব্যক্তি হিসেবে বর্ণনা করে সমর্থন জানিয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও এখন পর্যন্ত তার পাশে রয়েছে।

এখন তদন্তের ফলাফলের দিকেই নজর প্রযুক্তি বিশ্বের। কারণ, জেনসেনের নেতৃত্বে কোনো পরিবর্তন এলে তার প্রভাব শুধু এনভিডিয়ার ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না; বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার ওপরও পড়তে পারে।

 

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন