আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ পড়ে যায়। এর প্রভাবে মূল্যস্ফীতির চাপ কমার প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলো।

মঙ্গলবার (১০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়।

এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বক্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়।

ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত পরাজিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আপাতত পরিস্থিতি একই অবস্থায় রাখা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন এখন খুব একটা নেই। তবে পরিস্থিতি বদলে গেলে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

তেলের দাম কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার দেশটির প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। প্রযুক্তি খাতনির্ভর নাসডাকের উত্থান হয়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।

ইউরোপের শেয়ারবাজারেও একই চিত্র দেখা গেছে। সোমবার লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন