ইসরাইল-লেবানন কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর
হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, এই চুক্তির পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিধান বাস্তবায়ন করা উচিত।
শনিবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এক ভাষণে নাইম কাসেম বলেন, ওয়াশিংটনে হওয়া এই কাঠামোগত চুক্তি ‘অপমানজনক’, ‘লজ্জাজনক’ এবং এটি লেবাননের সার্বভৌমত্বের সঙ্গে আপস করার শামিল।
তিনি বলেন, “এই চুক্তি আমাদের কাছে বাতিল ও অগ্রহণযোগ্য। এর পরিবর্তে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।”
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, সাম্প্রতিক সমঝোতা সত্ত্বেও সংগঠনটি তাদের সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখবে।
তিনি বলেন, “দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি, এখনও সরে যাব না।”
এমএ//