আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভাঙলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

যুদ্ধবিরতি লঙ্ঘন বা নতুন করে সামরিক হামলা চালানো হলে আগের তুলনায় আরও কঠোর জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, প্রতিপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ বা সমঝোতা লঙ্ঘনের আশঙ্কা আগেই ছিল।

তিনি বলেন, “আমরা শুরু থেকেই ধারণা করেছিলাম, প্রতিপক্ষ এমন একটি পক্ষ, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতারণার আশ্রয় নেয় এবং তাদের বিশ্বাস করা যায় না। আলোচনার যেকোনো পর্যায়ে তারা নতুন কোনো পদক্ষেপ নিতে পারে।”

তিনি আরও বলেন, “প্রতিপক্ষ এ ধরনের যেকোনো পদক্ষেপ নিলে আমরা তার জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। তারা যদি আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আমাদের প্রতিক্রিয়া আগের চেয়ে আরও শক্তিশালী হবে।”

হোসেইন মোহেবির দাবি, প্রতিপক্ষের এমন আচরণ তাদের কাছে অপ্রত্যাশিত নয়। তিনি বলেন, “আমরা প্রতিপক্ষের স্বভাব সম্পর্কে অবগত। তাই তাদের এ ধরনের পদক্ষেপ আমাদের কাছে প্রত্যাশিত।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন