বিনোদন

ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার, শারীরিক অবস্থা সংকটাপন্ন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এই শিল্পীকে পুনরায় ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার জানান, ভেন্টিলেটর খুলে নেওয়ার দুই দিনের মধ্যেই আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের ফুসফুসে মারাত্মক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

জানা গেছে, নিউমোনিয়ার সংক্রমণজনিত জটিলতায় গত ১৪ জুন থেকে হাসপাতালে ভর্তি আছেন এই শিল্পী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সে সময় তার রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম গুণী এই ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে।

তার বাবা ছিলেন কবি গোলাম মোস্তফা এবং মা জমিলা খাতুন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন