ভারতের পর্যটন ভিসা ফের চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। রোববার (২৯ জুন) থেকে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় কলকাতার নিউমার্কেট এলাকায় ফিরে এসেছে উৎসবের আমেজ। ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা চালুর ফলে সেখানে পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
শনিবার (২৭জুন) নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাংলাদেশি পর্যটকদের আগমনকে কেন্দ্র করে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নিউমার্কেট এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদার করার কথা বলা হয়। এছাড়া পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং যেকোনো সমস্যায় দ্রুত সহায়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নিউমার্কেট এলাকায় সিসিটিভি নজরদারি আরও কার্যকর করতে প্রায় ৩৬টি ক্যামেরা পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করেন ব্যবসায়ীরা। তাদের লক্ষ্য, বাংলাদেশি অতিথিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা।
পর্যটন ভিসা পুনরায় চালুর আনন্দ ভাগাভাগি করতে বৈঠক শেষে স্থানীয় ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। তাদের বিশ্বাস, সরকারের এই সিদ্ধান্তের ফলে নিউমার্কেটে আবারও আগের মতো ক্রেতাদের ভিড় বাড়বে এবং ব্যবসায় নতুন গতি ফিরবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে, শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। এতে পরিবহনসহ পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন ভিসা চালু হওয়ায় পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পি/ডি