ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্তে পুলিশের দোষ প্রমাণ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় পুলিশের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় আগে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের পাশাপাশি আরও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
রোববার (২৯ জুন) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশনার জানান, তদন্তে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বাইরে আরও কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য তদন্ত কমিটি কিছু করণীয় বা সুপারিশও দিয়েছে। অর্থাৎ শুধু দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাই নয়, পুলিশের কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পরামর্শও দেওয়া হয়েছে যাতে একই ধরনের ঘটনা পুনরায় না ঘটে।
উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড় থেকে অটোরিকশায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে মারধরের অভিযোগ ওঠে। সেদিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ শেষে বিমানে চট্টগ্রামে পৌঁছে বিমানবন্দর থেকে অটোরিকশায় করে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের ফোন এবং পরিবারের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
পি/ডি