ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় ১ জন আটক : সিএমপি কমিশনার
জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় মোহাম্মদ সোহেল নামে পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পুলিশের এক উপকমিশনারকে (ডিসি) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ক্রিকেটার নাঈম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে তাকে ডিবি পরিচয়ে চেক করা হয়। একপর্যায়ে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরেও সেই হেনস্তা থেকে রেহাই পাননি তিনি।
জানা গেছে, ঘটনার সময় পোশাক পরিহিত তিন পুলিশ সদস্যের সঙ্গে সোর্স হিসেবে সোহেল উপস্থিত ছিলেন। পুলিশের পাশাপাশি সোহেলও নাঈমকে মারধর করেন এবং নিজেকে ডিবি পরিচয় দেন। তখন সেখানে জড়ো হওয়া লোকজন তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা তাকে ধরে খুলশী থানায় নিয়ে যায়। পুলিশের এই সোর্স নগরীর গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
আই/এ