ব্রাজিলের জয়ে উচ্ছ্বাসে মাতলেন তারকারা
বিশ্বকাপের নকআউট পর্বে রুদ্ধশ্বাস ম্যাচের পর কাঙ্ক্ষিত জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর ব্রাজিলের জয় মানেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। জনসাধারণের সঙ্গে সেই আনন্দে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দলের জয়ে কেউ রাস্তায় নেমে উৎসব করেছেন, কেউ আবার ব্রাজিলের জার্সি পরে কিংবা পতাকা হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন উচ্ছ্বাসের মুহূর্ত।
অভিনেত্রী ফারিন খান ব্রাজিলের জয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে উদযাপনে যোগ দেন। ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা নিয়ে তিনি উৎসবের আবহে মেতে উঠেছেন। বড় পর্দায় খেলা দেখার আয়োজন আর দর্শকদের ভিড়ের মধ্যেই নিজের আনন্দ ভাগ করে নেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘অনলি ব্রাজিল, খেলা হবে’।
অন্যদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলপ্রেম প্রকাশ করেন ভিন্নভাবে। প্রচলিত হলুদ জার্সির পরিবর্তে তিনি দলের গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে একটি সেলফি শেয়ার করেন। ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা ও ভালোবাসার ইমোজি দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন।
চিত্রনায়ক শরিফুল রাজও জয় উদযাপন করেছেন নিজস্ব আয়োজনে। বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল পতাকা ওড়ানোর একটি ছবি শেয়ার করেন তিনি। গায়ে ছিল ব্রাজিলের জার্সি, হাতে ফুটবল—সব মিলিয়ে ছবিতে ফুটে ওঠে তার ফুটবলপ্রেম।
অভিনেত্রী পারসা ইভানাও ব্রাজিলের জার্সি পরে একটি প্রাণবন্ত সেলফি পোস্ট করেছেন। মজার ভঙ্গিতে তোলা সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল’, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
সংগীতশিল্পী কোনালও ম্যাচ চলাকালেই নিজের সমর্থনের কথা জানান। ব্রাজিলের হলুদ জার্সি পরে হাসিমুখে একটি সেলফি শেয়ার করে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখান তিনি। ম্যাচের ফল তখনও নিশ্চিত না হলেও ক্যাপশনে লেখেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। গো ব্রাজিল।'
উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ পোশাকেই তুলে ধরেন ব্রাজিলের প্রতি ভালোবাসা। সবুজ-হলুদ রঙের একটি সোয়েটার পরে শেয়ার করা ভিডিওতে তার পোশাকের বুকে বড় করে লেখা ছিল ‘ব্রাজিল’। ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখেন, ‘সেম্প্রে ব্রাজিল!’, যার অর্থ—‘সবসময়ই ব্রাজিল’।
এদিকে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা খুনসুটি তুলে ধরেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, তিনি ব্রাজিলের জার্সি পরে দাঁড়িয়ে আছেন, আর পাশে আর্জেন্টিনার জার্সিতে অভিনেতা নিলয় আলমগীর। ছবির ক্যাপশনে হিমি মজার ছলে লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে’। পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থককে খোঁচা দিয়ে ‘জাপানটিনা’ বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরের ধাপে জায়গা নিশ্চিত করে ব্রাজিল। আর সেই জয় ঘিরেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসে মেতে ওঠেন দেশের অসংখ্য ভক্ত ও তারকারা।
পি/ডি