খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই তেহরানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশের স্পিকারের।
বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার বলেন, এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য তাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। পরে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। তেহরান, পবিত্র নগরী কোম এবং মাশহাদে কয়েক ধাপে এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে ৮৬ বছর বয়সী আলী খামেনি নিহত হন বলে ইরানি সূত্রে জানানো হয়। তার মৃত্যুর পর দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং কয়েক দিনের সরকারি ছুটিও দেওয়া হয়।
দীর্ঘ প্রস্তুতির পর আগামী জুলাইয়ে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
এসি//