দেশজুড়ে

রিকশাচালককে বাঁচাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল যাত্রীর

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশার হর্ন বাজানোকে কেন্দ্র করে রিকশাচালককে মারধর থেকে বাঁচাতে গিয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এরশাদ নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নিহত জহুরুল প্রধান (৪৫) গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটামোড় এলাকায় যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর সময় রিকশার হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা চালককে মারধর শুরু করলে জহুরুল বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় এরশাদ আলী নামে এক ব্যক্তি জহুরুলের বুকে জোরে ঘুষি মারলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।   

স্থানীয়রা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ওসি জানান,এ ঘটনায় মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।   

    

পি/ডি 

                                  

এ সম্পর্কিত আরও পড়ুন