আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০

ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শুক্রবার (০৩ জুলাই) ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত সংলগ্ন একটি দুর্গম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী বাসটি খাদে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

শাহিদ রিন্দ আরও জানান, দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। বাসটি বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে অন্য একটি বাস নষ্ট হয়ে যাওয়ায় সেই বাসের যাত্রীদেরও এই বাসে তুলে নেওয়া হয়েছিল, যার ফলে গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাসির জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

বাসের ভেতর থেকে মরদেহ এবং আহতদের বের করে আনতে উদ্ধারকারীরা হাইড্রোলিক কাটার ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

সুত্র: আলজাজিরা

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন