আন্তর্জাতিক

খামেনির শ্রদ্ধানুষ্ঠানে সৌদি প্রতিনিধিদের সামনে বদর যুদ্ধের আয়াত, কী বার্তা দিল ইরান?

ছবি: আল জাজিরা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার তার কফিন রাখা হয়। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। দলটির নেতৃত্ব দেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিদের প্রত্যেককে পবিত্র কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করে শোনানো হয়। এর মধ্যে সৌদি প্রতিনিধিদলের জন্য সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ রয়েছে। ওই আয়াতে আল্লাহর পথে যুদ্ধরত মুমিনদের সঙ্গে অবিশ্বাসীদের সংঘর্ষ এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে মুমিনদের বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে।

এই আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেছেন— তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দু’দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দীরূপে দাঁড়িয়েছিল (বদর প্রান্তরে)। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপরদল ছিল কাফির, কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে।”

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, এর মাধ্যমে তেহরান নিজেদেরকে আল্লাহর পথে অবস্থানকারী পক্ষ হিসেবে এবং প্রতিপক্ষকে অবিশ্বাসীদের পক্ষে অবস্থানকারী হিসেবে তুলে ধরার ইঙ্গিত দিয়েছে।

এদিকে, সৌদি প্রতিনিধিদলের সামনে এই আয়াত তেলাওয়াতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন