দেশজুড়ে

ফল খেয়ে মেহেরপুরে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় জিয়ালা (বার্বাডোজ নাট) গাছের ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

রোববার (৫জুলাই) বিকেলে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।  গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা উমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।    

রোববার বিকেলে সহড়াবাড়ীয়া গ্রামের কয়েকজন শিশু খেলতে বের হয়। খেলার একপর্যায়ে তারা রাস্তার পাশে থাকা একটি গাছের ফল কাঠবাদাম ভেবে খেতে শুরু করে। মিষ্টি স্বাদের হওয়ায় তারা বেশ কয়েকটি ফল খায়। তখন কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা না দিলেও সন্ধ্যায় বাড়ি ফেরার পর একে একে শিশুদের পেটব্যথা ও বমি শুরু হয়। পরে  ১৪ জন অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থদের মধ্যে মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০), ফুয়াদ (১২) ও মোস্তাকিম (৯)-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, জিয়ালা গাছের ফল সাধারণত কেউ খায় না। গ্রামের বড়রা জানলেও শিশুরা এ ফলের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত ছিল না। ফলে না বুঝেই তারা ফলটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। 

হসপাতালের চিকিৎসকরা জানান, স্থানীয়ভাবে জিয়ালা কচা নামে পরিচিত বিদেশি গাছ ‘বার্বাডোজ নাট’-এর ফল ও পাতা খেলে পেটব্যথা, বমি এবং তীব্র ডায়রিয়া হতে পারে। আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন